তাসনিম জারা © টিডিসি সম্পাদিত
রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের মতো বড় পরিসরে কথা বলার সুযোগ বা প্রভাবশালী প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও যদি তার স্টুডিওতে এমন ঘটনা ঘটে, তাহলে দোকানদার ও ছোট ব্যবসায়ীদের পরিস্থিতি কেমন—তা নিয়ে প্রশ্ন রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা। তাসনিম জারা লিখেছেন, ‘কী বলব, বুঝতে পারছি না। সালমান মুকতাদিরের মতো এত বড় পরিসরে কথা বলার সুযোগ বা প্রভাবশালী প্ল্যাটফর্ম এ দেশে খুব কম মানুষেরই আছে। যারা এটা করেছে, তারা জানত পুরো দেশ বিষয়টি দেখবে, এমনকি সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজনের নজরেও পড়বে।
তিনি আরও লিখেছেন, ‘তারপরও তারা তার স্টুডিও ভেঙে তছনছ করেছে এবং সেই ধ্বংসস্তূপ সবার দেখার জন্য রেখে গেছে। এটা এক ধরনের ভিন্ন মাত্রার ঔদ্ধত্য। মানুষ সাধারণত তখনই এমন কাজ করার সাহস পায়, যখন তারা মনে করে তাদের কিছুই হবে না। সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসায়ীদের কী অবস্থা।’
এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।
সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাই করা হয় বলে দাবি করেন তিনি।