বিএনপির লোগো © সংগৃহীত
দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রাম, ক্ষমতার পালাবদল ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ৪৮ বছরে পা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিএনপি দিনটি উপলক্ষে নিয়েছে নানা কর্মসূচি।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগের পর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি তিনি।
তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তাঁর ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠিত হয়।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে আজ ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ২৬ আগস্ট এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।