ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা

০৮ আগস্ট ২০২৬, ০২:৪০ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম। 

অব্যাহতি পাওয়া নেতারা হলেন— দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় হারুন অর রশিদ ও মো. ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। এ–সংক্রান্ত অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যাহতি পত্রে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে হারুন অর রশিদ ও মো. ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাঁরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অব্যাহতি পত্রের অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিচ্ছে। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা মোট ১৫ হাজার টাকা নিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

খোরশেদ আলম আরও বলেন, বিষয়টি জানার পর তিনি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনাটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হারুন ও ইউছুফ দাবি করেছেন, টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে মূলত ওই দুই নেতাই টাকা নিয়েছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

খোরশেদ আলম বলেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কোনো পদে নেই। তাই তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুন অর রশিদ ও মো. ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অব্যাহতি পাওয়া বিএনপির নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজে আবেদন, কলেজে ভর্তির ওয়েবসাই…
  • ৩১ আগস্ট ২০২৬
‘এআই’ ভিডিও প্রকাশ করে ট্রাম্প—‘খার্গ দ্বীপকে টুকরো টুকরো ক…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের…
  • ৩১ আগস্ট ২০২৬
মেঘনায় ধরা পড়া পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৮০০ টাকায় …
  • ৩১ আগস্ট ২০২৬
শুধু খাওয়াদাওয়া নয়, ওজন কমাতে জোর দিবেন যে ৩ বিষয়ে
  • ৩১ আগস্ট ২০২৬
মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ব্যবসায়ীদের ধর্মঘট
  • ৩১ আগস্ট ২০২৬