গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

০৬ আগস্ট ২০২৬, ০২:২২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর যেকোনো উদ্যোগ কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি গ্যাসের দাম এক টাকাও বাড়ায়, তাহলে জনগণ সেই সরকার চলতে দেবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশের বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানের সরকার গত পাঁচ মাস ধরে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। প্রথমেই তারা গণরায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য পরিষদ গঠনের প্রতিশ্রুতি রক্ষা করেনি। জুলাই সনদও এখনো বাস্তবায়ন করা হয়নি।অন্যদিকে জনগণের মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাসসংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। এই ষড়যন্ত্র আমরা যেকোনো মূল্যে রুখে দেব।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘সরকার কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি। বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় মানুষ খালি হাতে বাড়ি ফিরছে। গণ-অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম রাজনৈতিক সংস্কার হবে, অর্থনৈতিক লুটপাট বন্ধ হবে এই প্রত্যাশা নিয়ে। কিন্তু আজ বাসস্ট্যান্ড, সিএনজিস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় আগের চেয়ে তিন গুণ বেশি চাঁদা দিতে হচ্ছে। ব্যবসায়ীদের আগের তুলনায় দ্বিগুণ চাঁদা দিতে হচ্ছে। একদিকে প্রশাসনের লোকজন, অন্যদিকে দলীয় লোকজন চাঁদা নিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী ও ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় ছাত্রসংগঠনের দমন-পীড়ন চলছে। নির্বাচিত ছাত্র সংসদের নেতাদের ওপর হামলা করা হচ্ছে। একযোগে দেশের বিভিন্ন ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে। জনগণ এ ধরনের আচরণের সঙ্গে পরিচিত এবং এর জবাব কীভাবে দিতে হয়, সেটাও জানে।’

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আজ আমরা সচিবালয়ের প্রান্তে এসেছি। প্রয়োজন হলে আপনার বাসভবনের সামনে যাব, জাতীয় সংসদের সামনে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও যাব। জনগণের নিত্যপ্রয়োজনীয় অধিকার আমরা নিশ্চিত করব। আজ আমরা হুঁশিয়ারি দিতে এসেছি। গ্যাসের দাম যদি এক টাকাও বাড়ানো হয়, তাহলে এই সরকার এক দিনও চলতে পারবে না।’

সরকারের দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা বলেছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না। তাহলে কেন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে? কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। এখন উল্টো দ্রব্যমূল্য বাড়ছে। এসব পাঁয়তারা ও মুনাফিকি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

পুলিশি বাধার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। শান্তিপূর্ণভাবেই অবস্থান কর্মসূচি করছি। কিন্তু দুর্নীতিবাজ আমলারা জনগণের দাবির প্রতি কর্ণপাত করছে না। শেখ হাসিনার সময় যেসব আমলা দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের দায়িত্ব থেকে আমরা জনগণের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি। কিন্তু আমাদের বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে, তারা জনগণের কোনো দাবিরই তোয়াক্কা করে না।’

সরকারকে সতর্ক করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জনগণের দাবি উপেক্ষার পরিণতি কী হতে পারে, তা ২০২৪ সালেই দেখা গেছে। এখনো সময় আছে। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করুন। গণভোটের রায় বাস্তবায়ন করুন। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন নিয়ে বড় বড় কথা বলেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেন না। দুর্নীতিবিরোধী নানা বক্তব্য দেওয়া হলেও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশে এসব আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬