জিয়া উদ্যানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খাঁন © ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ‘ফ্যাসিস্ট দল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ সোমবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েই জিয়া উদ্যানে যান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হয়নি। আওয়ামী লীগের ব্যবহৃত ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে জামায়াত ও এনসিপি। এই পাঁচ মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করেনি যে, সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া যায়।
সরকার এমন কিছু করেনি যে, সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের প্রধানমন্ত্রী ও সরকার এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোনো চক্রান্তকারী মহল—সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন, আর বর্তমানে জামাতি, তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই। কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না।’
আরও পড়ুন : দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে জামায়াত ও এনসিপির ভাষা একই রকম। কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। সরকারের পাঁচ মাসে এমন কিছু হয়নি, যার কারণে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া যায় বা রাজপথে অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, অনেক মন্ত্রীকে বিতর্কিত করারও চেষ্টা করা হচ্ছে।
আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে জামায়াত ও এনসিপির ভাষা একই রকম। কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন—রাশেদ খাঁন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছিলেন। সেই সময় রাজনৈতিক সমন্বয়ের নেতৃত্বও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অনবদ্য ভূমিকা’ ছিল। নতুন রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন তারেক রহমানই দেখিয়েছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন কিছু রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ ব্যাহত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে।