রংপুর মেডিকেল কলেজ

শিবিরের ঈদ প্রীতিভোজে আপত্তি জানিয়ে ‘ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের’ চিঠি, মিল রয়েছে ৯৫% লেখায়

২৭ মে ২০২৬, ০৯:১০ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ১০:০১ PM
শিবিরের ঈদ আয়োজনে আপত্তি জানিয়ে ‘ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ চিঠি, মিল রয়েছে ৯৫% লেখায়

শিবিরের ঈদ আয়োজনে আপত্তি জানিয়ে ‘ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ চিঠি, মিল রয়েছে ৯৫% লেখায় © সংগৃহীত ও সম্পাদিত

ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদেরদিন রাতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে রংপুর মেডিকেল কলেজের পিন্নু হোস্টেলে ‘ঈদের দস্তরখান’ নামে প্রীতিভোজের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। এদিকে সেই আয়োজনে আপত্তি জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ। তবে উভয় পক্ষের চিঠির মধ্যে ৯৫ শতাংশ লেখার মিল পাওয়া গেছে।

বুধবার (২৭ মে) শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে দেওয়া ওই চিঠিতে দেখা যায়, চিঠির বিষয় বস্তু যেমন একই, তেমনি চিঠির ভেতরের বেশিরভাগ বর্ণনাই হুবহু মিল রয়েছে। ইতোমধ্যে উভয় চিঠি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে। 

চিঠিতে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সহাবস্থান করে আসছেন। কিন্তু আয়োজনে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও কুরবানির গরুর মাংসভিত্তিক দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়েছে, যা অনিচ্ছাকৃতভাবে অনেকের ধর্মীয় অনুভূতিতে অস্বস্তি বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

শাখা ছাত্রদলের সভাপতি আল মামুন বলেন, ঈদের সময় শিক্ষার্থীরা বাড়িতে চলে গেছেন। কেবল কিছু ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী হোস্টেলে অবস্থান করছেন। তাহলে কাদের নিয়ে ছাত্রশিবির এ আয়োজন করছে সেই প্রশ্ন উঠেছে। এছাড়া তাদের দাওয়াত কার্ডে গরুর ছবি ব্যবহার করে অমুসলিম শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কয়েকজন শিক্ষার্থী আমাদের কাছে আপত্তির কথা জানিয়েছেন। সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।

এদিকে ‘আয়োজন সম্পূর্ণ মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধনির্ভর হবে’ দাবি করে পালটা প্রশাসন বরাবর চিঠি দিয়েছে শাখা ছাত্রশিবির। চিঠিতে বলা হয়, এতে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন, উসকানিমূলক কার্যক্রম কিংবা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোনো কর্মসূচি নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

ছাত্রশিবিরের নেতারা বলছেন, প্রতি বছরই ঈদুল আজহা উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কোরবানির আয়োজন করা হয়। এবারও কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী, ইন্টার্ন চিকিৎসক এবং পঞ্চম বর্ষের পরীক্ষার্থীসহ যেসব শিক্ষার্থী ঈদে বাড়িতে যেতে পারেননি, তাদের জন্য এই আয়োজন করা হয়েছে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এবং সব খাবার পৃথকভাবে প্যাকেটজাত করে সবার কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।

শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক শাহরিয়ার বলেন, ছাত্রশিবির সবসময়ই ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে একে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা এ ধরনের অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাদের কাছে এই আয়োজনের জন্য আগাম অনুমতি নেওয়া হয়নি। তবে শিবিরের নেতারা জানিয়েছেন, তারা বাইরে কোরবানি করে দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করবেন। শোনার পর আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। আমি দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি এবং সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি, যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করা যায়।

চামড়া থেকে হাজার কোটি টাকা আয় করা সম্ভব, কিন্তু সব চলে যা…
  • ২৭ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৫, আবেদন ১৮ জুন পর্…
  • ২৭ মে ২০২৬
এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন
  • ২৭ মে ২০২৬
কোরবানির ইতিহাস ও গুরুত্ব
  • ২৭ মে ২০২৬
শিবিরের ঈদ প্রীতিভোজে আপত্তি জানিয়ে ‘ছাত্রদল ও সাধারণ শিক্ষ…
  • ২৭ মে ২০২৬
দেশের জাতীয় চিড়িয়াখানায় স্থান পাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ২৭ মে ২০২৬