ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ

২৩ মার্চ ২০২৬, ০২:০৬ PM
 আহত আওয়ামী লীগ নেতা

আহত আওয়ামী লীগ নেতা © টিডিসি ফটো

সাতক্ষীরার সদর উপজেলায় ঈদ উপলক্ষে দীর্ঘদিন পর বাড়ি ফিরতেই এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মো. বাহারউদ্দিন (৫৮)।

শনিবার (ঈদের দিন) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. বাহারউদ্দিন আগরদাঁড়ি গ্রামের মৃত কওছার আলীর ছেলে এবং আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

চিকিৎসাধীন বাহারউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তার ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে তিনি নিঃস্ব হয়ে দীর্ঘদিন পলাতক জীবনযাপন করেন। সম্প্রতি স্থানীয় ক্ষমতাসীন দলের এক নেতার আশ্বাসে তিনি গত শুক্রবার রাতে বাড়িতে ফেরেন এবং পরদিন ঈদের নামাজ আদায় করেন।

তার অভিযোগ, শনিবার রাত ৮টার দিকে তিনি ঘরে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দরজায় ডাকার পর তার স্ত্রী রেবেকা সুলতানা দরজা খুললে ৩০-৩৫ জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে।

হামলাকারীরা ‘আওয়ামী লীগ করার শাস্তি’ দেওয়ার হুমকি দিতে দিতে কাঠের লাঠি দিয়ে তার বাম বাহু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তার ডান চোখে গুরুতর আঘাত করা হয়। স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয় এবং তার পরিহিত শাড়ি ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে বাহারউদ্দিন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। যাওয়ার সময় ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকিও দেয় তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব রায় জানান, ‘আহত বাহারউদ্দিনের ডান চোখ, বাম বাহু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬
ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার…
  • ১১ আগস্ট ২০২৬
সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • ১১ আগস্ট ২০২৬
টঙ্গীতে নিহত তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীর পরিবার পেল ৩ লা…
  • ১১ আগস্ট ২০২৬