পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ PM
পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা © টিডিসি

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে বিকেল পৌনে ৪টার দিকে পৌর শহরে ফের উভয় দলের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের সমর্থকরা। প্রচারণার মাঝখানে এসে এক অসহায় নারী সাহায্য চেয়ে টাকা চাইলে তাকে ৫০০ টাকা দেন একজন। এ সময় উপস্থিত বিএনপির এক কর্মী ভিডিও ধারণ করলে জামায়াতের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ট্রাকের প্রার্থী

ওই ঘটনার জেরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির এক কর্মীকে ধাওয়া দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

কিছু সময় পরে বিএনপির প্রার্থী একটি সমাবেশে যাওয়ার পথে বাউফল থানার ফটকে তার গাড়ি আটকে দেয় জামায়াত সমর্থকরা। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনেসহ কয়েকটি স্থানে জামায়াত সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, ঘটনার পরে বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে রাখেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। দীর্ঘ দুই ঘন্টা  থানা ঘেরাও করে বাউফল-ঢাকা মহাসড়ক অপরোধ করে রাখার পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সালেহ আহমেদ, পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর, সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান নির্বাচন পর্যন্ত কোনো দায়িত্ব পালন করবে না, এ ঘোষণার পরে সড়ক ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

আরও পড়ুন : ‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার’ বক্তব্য দেওয়া সেই বিএনপি প্রার্থীকে সতর্ক ইসির

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক মাওলানা বলেন, ‘টাকা দেয়ার অভিযোগ মিথ্যা  ও ভিত্তিহীন। চন্দ্রদ্বীপে জামায়াতের প্রচারণা চলাকালে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় আমাদের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, ‘বিএনপির নিরঙ্কুশ বিজয় বুঝতে পেরে নানান ষড়যন্ত্র করছে জামায়াত। পরিকল্পিতভাবে তারা এই সংঘর্ষের সৃষ্টি করেছে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। আজকের ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।’

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9