আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরে নয়: কাদের সিদ্দিকী

২৬ জুন ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) © ফাইল ফটো

“আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগও নিষিদ্ধ নয়। আইন দিয়ে দল নিষিদ্ধ করা গেলেও মানুষের হৃদয় থেকে তা নিষিদ্ধ হয় না”—এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সব দলের নেতা-কর্মীদের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন, “স্বাধীনতা আওয়ামী লীগের না, বিএনপিরও না, কিংবা অধ্যাপক ইউনূসের বা এনসিপির একার না—স্বাধীনতা বাংলাদেশের, স্বাধীনতা দেশের মানুষের।”

শেখ হাসিনার পতন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার পতন হলো ন্যায়ের কাছে অন্যায়ের পতন। আর আমি যদি শেখ হাসিনার মতো হই, তাহলে আমার পতন আরও করুণ হবে। কেউ যদি এমন পথ ধরে, তারও পরিণতি একই হবে।”

নতুন রাজনৈতিক বাস্তবতায় বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, “যারা জনগণের সাড়া পেয়ে ক্ষমতায় এসেছেন, তাদের উচিত সেই মানুষের কথাই ভাবা। শেখ হাসিনার ১৫ বছরের অন্যায় যেন তারা ১৫ মাসে না করেন। না হলে জনগণ তাদেরও স্মরণ করবে না।” তিনি আরও বলেন, “দলাদলি-হানাহানি বন্ধ করে দেশের প্রতিটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করুন।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত আলী মাস্টার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ অনেকে।

 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬