নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

১৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলা

বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলা © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই যুবদল নেতা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম।

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনার আটপাড়ায় সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সকালে বর্ষবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে ব্যানার ছিঁড়ে হামলা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম, কামাল হোসেন তালুকদারসহ যুবদলের কয়েকজন সদস্য। পরে ঘটনার কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েল সাংমাকে লাঞ্ছিত করা হয়। পরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘আমরা একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার দেয়, যাতে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে এ বিষয়ে জানতে চাই। এসময় কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করেছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা বলেন, ‘আমাদের সরকারি অনুষ্ঠান চলছিল। ওই সময় নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন কাইয়ুমসহ কয়েকজন মঞ্চে ওঠে হামলা করেন। পরে আমাকেও লাঞ্ছিত করেন। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার আটপাড়ায় অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে হামলা হয়েছে। ইউএনওকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: যুবদল
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬