মো. নাজমুল হোসেন © সংগৃহীত
৪৯তম (বিশেষ) বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে প্রাণিবিদ্যা বিষয়ে মেধাক্রম ১৪ হয়েও গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হোসাইন প্রান্ত। গেজেট থেকে বাদ পড়ার কারণ জানেন না বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নাজমুল হোসেন লিখেছেন, ‘আমি কেনো গেজেটেড হইলাম না সেই উত্তর আমার কাছে নাই। এটাও হইতে পারে যে ২০১৮ সালের কোটা সংস্কার এবং ২০২৪ এর জুলাই আন্দোলন করার গিফট পেয়েছি।’
এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত ফলে সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জন চূড়ান্ত গেজেটে স্থান পাননি।