নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টানানোর হিড়িক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ PM
একাধিক নেতা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানিয়েছেন

একাধিক নেতা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানিয়েছেন © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। সম্ভাব্য পদপ্রার্থীদের পক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানিয়েছেন তাদের সমর্থকরা। 

পাশাপাশি নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা ও মতবিনিময়। এদিন তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি। সভায় তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী নেতারা অংশ নেন।

নতুন কমিটিতে নেতৃত্ব প্রত্যাশী নেতারা নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন। ব্যানার টানানোর পাশাপাশি মিছিল ও শোডাউন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, নতুন কমিটিতে সভাপতি পদপ্রার্থী একাধিক নেতা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানিয়েছেন। তাদের মধ্যে আল আমিন মাতুব্বর, মো. রাকিবুল ইসলাম, জিহাদ হাওলাদার ও রিমু হোসেনের ব্যানার রয়েছে।

আরও পড়ুন: তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটির নিয়ে আলোচনা, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

সভাপতি পদপ্রার্থী রিমু হোসেন বলেন, ‘নেতৃত্ব উপরওয়ালার পক্ষ থেকে আসে। আমি তিতুমীর কলেজ ছাত্রদল শাখার সভাপতি পদপ্রার্থী। আমি যদি সভাপতি হতে পারি, তাহলে শিক্ষার্থীদের আবাসন সংকট, মাঠ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রাখব।’

সভাপতি পদপ্রার্থী জিহাদ হাওলাদার বলেন, ‘আমি সবসময় শিক্ষার্থীদের দাবির পক্ষে কাজ করেছি এবং তাদের সঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সঙ্গে থাকব। ক্যাম্পাসে বিভিন্ন দৃশ্যমান কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডেও আমি অংশগ্রহণ করেছি। আমি যদি সভাপতি হতে পারি, তাহলে সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করব।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি তিতুমীর কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটির ভেঙে দেওয়া হয় ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর ১ বছর ৯ মাস ১ দিন পর।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬