ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ © ফাইল ফটো
ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চলমান আন্দোলনে দেশটির সরকারের কাছে একটি খোলা চিঠি লিখেছে হার্ভার্ডের শতাধিক শিক্ষার্থী।
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ও উত্তরপ্রদেশের আলীগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপকে ‘বিক্ষোভকারীদের সহিংস দমন’ হিসেবে অভিহিত করে বিক্ষোভ দমনে সহিংস পন্থা বেছে নেয়ায় ভারতের নিন্দা জানিয়ে বিতর্কিত নতুন নাগিরকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই চিঠিতে বলেছেন, পুলিশ কর্তৃক বিক্ষোভকারীদের সহিংস দমন, টিয়ারগাস ব্যবহার, লাঠিচার্জ এবং শান্তিপূর্ণ মতবিরোধের জবাবে শারীরিক নির্যাতন সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ বাহিনীর জোর করে প্রবেশ এবং সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া খুবই নিন্দনীয়।
প্রসঙ্গত, ধর্মের ভিত্তিতে তৈরি ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে গত তিনদিন ধরে বিক্ষোভ চলছে। রোববার দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের সহিংস অভিযানের জবাবে দেশটির বিভিন্ন প্রান্তের সরকারি-বেসরকারি শত শত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভ ঠেকাতে পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী লাঠিচার্জ, রাবার বুলেট নিক্ষেপ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষে কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবারও দিল্লির উত্তরপূর্বের সিলামপুরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।