ঘটনা ভারতের
বহুতল ভবন ধ্বসে কয়েকজন আটকা পড়েছেন © সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির সিলামপুরি এলাকায় একটি চারতলা ভবনের সামনের অংশ ধসে কয়েকজন আটকা পড়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের দাবি, আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভির
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে উদ্ধারকারী দল কাজ শুরু করে। এক কর্মকর্তা বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। অন্যদের মোবাইলে দুর্ঘটনার দৃশ্য ধারণ করতে দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, বাসিন্দারাই প্রথমে চার থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি বলেন, ‘পুলিশ আধা ঘণ্টা পর এসেছে। একটি শিশু এখনো আটকা আছে। কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আমি নিজেও সিপিআর দিয়েছি। দুই থেকে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সিলামপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধার ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখতে সবাইকে ঘটনাস্থলের কাছে না থামতে, গাড়ি না রাখতে এবং ভিড় না করতে বলা হয়েছে।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডে ভূমিকম্পের পর দিল্লি-এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এরপর ভবনটিতে ফাটল দেখা দেয়। তবে ভবন ধসের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উল্লেখ্য এই দুর্ঘটনার এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি আবাসিক ভবনে দুর্ঘটনায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। হৃদয়বিদারক সেই ঘটনার পরও টনক নড়েনি প্রশাসনের।