© সংগৃহীত
দুই বছর আগে জিনাত এবং আলী আকবর ওরফে রাহুলের ধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরেই আগস্ট মাসে কোরবানি ঈদের পরেই বিয়ের দিন ঠিক হয়েছিল তাদের। কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আলী বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হবু স্বামীর মৃত্যুর শোক সামলাতে না পেরে আলীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করলেন জিনাত (২০)। তার আগে বন্ধুদের হোয়াটসঅ্যাপ করে জানালেন ‘গুড বাই’।
বুধবার (১০ জুলাই) ভারতের কোলকাতার বন্দর এলাকার একবালপুরে এ ঘটনা ঘটে। জিনাত নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমে আলী আকবরের কথা জানতে পারে পুলিশ। দুই বছর আগে জিনাত এবং আলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেননি জিনাত। কয়েক মাস আগেই পছন্দের মানুষ আলী আকবরের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়। কথা ছিল, ঈদুল-আজহার পর তাদের বিয়ে হবে।
এরই মধ্যে এক দুর্ঘটনা ঘটে যায়। রবিবার (৭ জুলাই) রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় আলী। এ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, বুধবার রাতে আলীর এক বন্ধুকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় জিনাত। এর পর শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপ করেন। জিনাত তাকে লেখেন, ‘রাহুলের মৃত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও মরব।’ বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পারেনি। গতকাল রাতে আরেক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে ‘গুড বাই’ লিখে আত্মহত্যা করেন জিনাত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা