ভারতে চালু হলো বিতর্কিত নাগরিকত্ব আইন

১২ মার্চ ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে ব্যাপক বিক্ষোভ হয়েছে

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে ব্যাপক বিক্ষোভ হয়েছে © সংগৃহীত

ভারতে চালু হয়ে গেল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। পাস হওয়ার চার বছর পর লোকসভা নির্বাচনের আগেই চালু হলো এ আইন। জল্পনা ছিল আগে থেকেই। সোমবার সে জল্পনাই সত্যি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করেছে।

২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকারের পাস করা এ আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের যেসব মানুষ ধর্মীয় নিপীড়নের মুখে টিকতে না পেরে ভারতে চলে গেছেন, সেইসব শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

তবে এ আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ না থাকায় আইনটি বৈষম্যমূলক বলে সমালোচিত হয়েছে। তাছাড়া, তামিল উদ্বাস্তুদের বাদ দেওয়া নিয়েও আইনটি দক্ষিণ ভারতে বিতর্কিত হয়েছে।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাধে রাজধানী দিল্লিতে। ২০২০ সালেও সিএএ বিরোধী বিক্ষোভ চলতে থাকে। ফলে ভারত সরকার তখন আইনটি চালু করেনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র একটি টেক্সট মেসেজে বলেছেন, “মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তাবায়নের ঘোষণা দিচ্ছে। এ আইন ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী ম্যানিফেস্টোর অবিচ্ছেদ্য অংশ। এর আওতায় নিপীড়িতদের ভারতীয় নাগরিকত্ব লাভের পথ সুগম হবে।

আইনটি কার্যকর করার কথা এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও। আইনটি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা থাকায় এবং কোভিড মহামারীর কারণে এটি চালু হতে দেরি হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, এই আইনটি কেবল তাদের জন্য, যারা বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার হয়ে আসছেন এবং ভারত ছাড়া যাদের বিশ্বে আর কোথাও আশ্রয় নেই।

আইনটি চালু হওয়ায় এখন মঙ্গলবার থেকেই এ আইনে উল্লিখিত দেশগুলো থেকে ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীরা নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন করতে পারবেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর পাশাপাশি মুসলিম গোষ্ঠীগুলো বলছে, আইনটি ভারতের ২০ কোটি মুসলিমের জন্য বৈষম্যমূলক হতে পারে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে, সীমান্ত রাজ্যগুলোতে সরকার কোনও নথি না থাকা মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে।

তবে সরকার বলছে, আইনটি মুসলিম-বিরোধী নয় এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সহায়তা করার জন্যই এ আইন প্রয়োজন। এই আইন মানে নাগরিকত্ব মঞ্জুর করা। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। আইনটির বিরুদ্ধে আগে যে বিক্ষোভ হয়ে এসেছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এ আইন অনুযায়ী, ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য উল্লিখিত দেশগুলোর শরণার্থীরা আবেদন করতে পারবেন।

ভারতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে টানা এক বছর দেশটিতে থাকতে হবে। এছাড়াও গত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশোধনী আইনে সেই ১১ বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়।

২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করে যে, ভারতে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। সেই মতোই সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়ে যায় সেই বিল। ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করেন।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950