মাথা ন্যাড়া করে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
প্রতিবাদকারী এক প্রার্থী

প্রতিবাদকারী এক প্রার্থী © সংগৃহীত

২০১৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চাকরি পাননি বলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় গত ১ হাজার দিন ধরে প্রতিবাদ করছেন একদল চাকরিপ্রার্থী নারী-পুরুষ। শনিবার (৯ ডিসেম্বর) ভারতের স্বাধীনতার স্থপতি, জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বসে একদল চাকরিপ্রার্থী নারী-পুরুষ মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ জানালেন। 

এমন অভিনব প্রতিবাদ কর্মসূচির খবর গণমাধ্যমে প্রচারের পরই রাজ্যজুড়ে তুমুল আলোচনার জন্ম হয়। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও মেলেনি। টিভিতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন চাকরিপ্রার্থী নারী মাথার চুল ন্যাড়া করে ফেলছেন। একই সঙ্গে চাকরিপ্রার্থী পুরুষরা জামা খুলে বসে সমস্বরে চাকরির দাবিতে স্লোগান তুলছেন।

এদিন সকাল থেকে তারাই এই অভিনব প্রতিবাদে শামিল হন। এদিন প্রতিবাদের এক হাজার দিন পূর্ণ হয়। এক হাজারতম দিনকে স্মরণীয় করে রাখার জন্যই এমন অভিনব প্রতিবাদ দেখানো হচ্ছে বলে দাবি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।
 
তারা বলছেন, অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়ে গেছেন। কিন্তু আমরা সরকারিভাবে পরীক্ষা দেয়ার পর উত্তীর্ণ হয়েও চাকরি পাইনি। তাই এখন রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
 
২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহাসচিবও ছিলেন তিনি। মূলত তার সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে বছর তিনেক আগে।

আরও পড়ুন: ছাত্রলীগের ৮ নেতাকর্মী যবিপ্রবি থেকে বহিষ্কার

বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী এবং পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
 
বিষয়টি নিয়ে আদালত ও রাজ্য সরকারের মধ্যে এখনও তুমুল আইনি লড়াই চলছে। এরই মধ্যে এই আন্দোলনকারীরা রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 
তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা সৌগত রায় এই আন্দোলনটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, অনেক সময় আন্দোলনকারীরা আলোচনায় আসতে নাটকীয় অনেক কিছু করে থাকেন। তবে এর বেশি তিনি কিছু জানাতে চাননি।
 
বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজ্য বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, রাজ্য সরকারের শাসক দল দুর্নীতিতে ডুবে গেছে। সব জায়গাতেই চুরি হচ্ছে। এই আন্দোলনকারীদের ভাগ্য নিয়েও খেলছে তৃণমূল সরকার। তিনি আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন বলেও দাবি করেন।
 
শিক্ষক নিয়োগ দুর্নীতির সমালোচনা করে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শীর্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আন্দোলনকারীরা রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে, জীবন বিপন্ন করে রাস্তায় বসে ন্যায্য দাবিতে এগিয়ে যাচ্ছেন। তৃণমূল সরকারের উচিত অবিলম্বে তাদের চাকরি দেয়া।

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬