ডেঙ্গু প্রতিরোধ
© প্রতীকী ছবি
ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। এর মধ্যেই শহরের সব স্কুলের জন্য নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গুর সংক্রমণ এড়াতে পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও আশপাশের এলাকা। তাছাড়া প্রতিটি ছাত্রছাত্রীকে ফুল হাতার ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হলে বিপদ বাড়ে। অনেক সময় উপসর্গ নামমাত্র হওয়ায় ডেঙ্গু হয়েছে কিনা টের পান না আক্রান্তরা। শুধু আইজিজি বা ডেঙ্গুর ইমিউনোগ্লোবিউলিন জি টেস্ট করলেই ধরা পড়ে ডেঙ্গু শরীরে প্রবেশ করেছে কি না। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সেই আইজিজি কীট কলকাতা পৌরসভাকে দেওয়ার কথা দিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে গতকাল কলকাতা পৌরসভায় একটি বৈঠক হয়। যেখানে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমসহ পৌরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ অতীন ঘোষ, পৌর কমিশনার বিনোদ কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সুব্রত রায়চৌধুরীসহ উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
এদিন কলকাতা পৌরসভাকেও ডেঙ্গুর স্ট্রেন চিহ্নিত করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। যেখানে বলা হয়েছে, জ্বরের সঙ্গে প্রস্রাব কম হচ্ছে, গায়ে হাত পায়ে মারাত্মক ব্যাথা– এমনটা দেখলেই সতর্ক হতে হবে। পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে চিহ্নিত করার কাজ করবেন।