পাঁচদিনের বিক্ষোভ সহিংসতায় উত্তাল ফ্রান্স, কে এই নাহেল?

০২ জুলাই ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
টানা কয়েকদিন ধরে ফ্রান্সে বিক্ষোভ চলছে

টানা কয়েকদিন ধরে ফ্রান্সে বিক্ষোভ চলছে © বিবিসি

প্যারিসে ১৭ বছরের তরুণ নাহেলের মৃত্যুর জেরে পাঁচদিন ধরেই বিক্ষোভ সহিংসতায় উত্তাল ফ্রান্স। শনিবার রাতে সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল মার্সেই শহর। সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করছে।

কর্মকর্তারা বলছেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এ শহরে শনিবার রাতেই অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্যারিসের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল শনিবার রাতে। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে বিক্ষোভকারীরা সংগঠিত হতে পারেনি।

বিবিসি জানিয়েছে, অব্যাহত বিক্ষোভ-সহিংসতার মধ্যেই শনিবার নাহেলের দাফন সম্পন্ন হয়। নানতেরে শত শত মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। আলজেরীয় বংশোদ্ভূত ১৭ বছর বয়সী তরুণ নাহেল মেরজুকের মৃত্যুর পর গত মঙ্গলবার থেকেই ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, শনিবার রাতেই অন্তত ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন এ বলে, তাদের পদক্ষেপের জন্যই শনিবার রাতের পরিস্থিতি শান্ত ছিল।

অব্যাহত দাঙ্গা ঠেকাতে শনিবারেই ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছিল, যে চার দিনে অন্তত ২৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় ১৩১১ জনকে।

ফ্রান্সের বিচার মন্ত্রী বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ শতাংশেরই বয়স ১৮ বছরের কম। শনিবার বিকেল থেকেই মার্সেই শহরের পরিস্থিতি খারাপ হতে থাকে। সন্ধ্যার দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে মার্সেইয়ের কেন্দ্রস্থল লা ক্যানেবিয়েরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফরাসি মিডিয়াগুলোর খবর অনুযায়ী, ওই এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে লড়াই চলে। তবে প্যারিসে পুলিশি টহল ছিল অনেক।

রাজধানীর পুলিশের তথ্য অনুযায়ী, কিছু বিক্ষোভকারী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এলাকায় জড়ো হবার চেষ্টা চালায়, কিন্তু তারা আর সংগঠিত হতে পারেনি। স্থানীয় সময় রাত ৯টার পর থেকে গণপরিবহন বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় শনিবার রাতে অন্তত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্যারিসের নানতেরে শহরেই বেড়ে ওঠেন ১৭ বছর বয়সী নাহেল এম। তিনি খাবার ডেলিভারির কাজ করতেন এবং রাগবি লিগে খেলতেন। একমাত্র সন্তান নাহেলকে বড় করেছেন তার মা। নাহেলের পড়ালেখা কিছুটা অগোছালো হিসেবে বর্ণনা করা যায়।

ইলেকট্রিশিয়ান হতে চেয়েছিল নাহেল। আর সেজন্য সুরেসনেসের একটি কলেজে ভর্তি হয়েছিল সে। যারা নাহেলকে চেনেন, তাদের ভাষ্য অনুযায়ী, নাহেল ভালো ছেলে ছিল এবং সবাই তাকে ভালোবাসতো। নাহেল ও তার মা মোনিয়া আলজেরিয়ান বংশোদ্ভূত, তবে তার বাবা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

কলেজে নাহেলের ক্লাসে ছিল উপস্থিতি কম। সে হয়তো এর আগেও কোন সমস্যায় জড়িয়ে পড়ার কারণে পুলিশের কাছেও সে পরিচিত ছিল। তবে নাহেলের পরিবারের আইনজীবী জোর দিয়ে বলছে, তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অপরাধের রেকর্ড নেই। নাহেলের নানী নাহেলকে বর্ণনা করেছেন নরম মনের ভালো একটা ছেলে হিসেবে।

নাহেলের মৃত্যুর পর তার মা মুনিয়া সাক্ষাতকারে বলেন, সে সকাল বেলাও বলছিল 'মা আমি তোমাকে ভালোবাসি', তারপর কাজে যায়। এর এক ঘন্টা পর আমি একটা ফোন পাই - আমাকে বলা হয় আমার ছেলেকে গুলি করা হয়েছে। আমি আমার সবকিছু তার জন্য উৎসর্গ করেছি। আমার ১০টি নয়, মাত্র একটিই সন্তান। সে আমার জীবন ছিল, আমার কাছের বন্ধু ছিল।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close