ভারতে ফের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

২৫ জুন ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ভারতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

ভারতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে © আনন্দবাজার

ভারতের বাঁকুড়ায় ফের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে অন্য একটি মালগাড়ি। এতে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা গাড়িটির ওপর। যা কয়েক সপ্তাহ আগে বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে।

রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির ওপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

সংঘর্ষের প্রচণ্ড শব্দে ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রাই এগিয়ে এসে ভেতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে।

এ দুর্ঘটনার ফলে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, ‘একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, আর একটি গাড়ি এসে তাতে ধাক্কা মেরেছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে।’

উল্লেখ্য, গত ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ওই সময় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িয়ে প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি সজোরে ধাক্কা মারে।

করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপরে। ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে যায়। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ২৯১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারেরও বেশি। খবর: আানন্দবাজার।

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬