একটি গোলাপ হাতে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ লেখা বোর্ড হাতে শাকুল © সংগৃহীত
ভারতের গুরুগ্রামের বাসিন্দা ৩১ বছরের শাকুল গুপ্তা। পেশায় প্রযুক্তিবিদ। ইন্সটাগ্রামে এক পোস্টে এবারের ‘ভ্যালেন্টাইনস ডে’ তে ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ হওয়ার প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, কোনও একা নারী চাইলে এ ভালোবাসার মৌসুমে তার সঙ্গে আনন্দে মেতে উঠতে পারেন। তার এই প্রস্তাব সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে বলে জানায় ‘দ্য ইকোনোমিক টাইমস’।
একটি গোলাপ হাতে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ লেখা বোর্ড হাতে শাকুল নিজের একটি ছবি তার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করে লেখেন, ভ্যালেন্টাইনস সপ্তাহে একাকীত্ব দূর করার জন্য তিনি অবিবাহিত নারীদের ডেটিং পরিষেবা দিচ্ছেন। তিনি আরও লিখেছেন, তার এই পরিষেবার উদ্দেশ্য বাণিজ্যিক বা শারীরিক নয়।
‘‘আমি এই ভ্যালেন্টাইনস ডে-তে আপনার বন্ধু হতে বা নির্ভর করার জন্য আপনাকে আমার কাঁধ দিতে পারি। আমি আপনার মেক-আপ অনুশীলনের মডেল হতে পারি অথবা আপনি যদি অলস হতে চান, আপনার বিশ্রামের সময় আমি আপনার জন্য যা বলবেন তাই রান্না করে দিতে পারি!”
শাকুল আরও বলেন, আমি বিশ্বাস করি আমরা আমাদের একাকীত্ব গোপন করি, বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে’র মত বিশেষ দিনগুলোতে।
শাকুল জানান, ভাড়ায় বয়ফ্রেন্ড’ হওয়ার আগে তিনি জীবনে কখনও ডেটে যাননি। চারপাশে অসংখ্য প্রেমিক যুগল আর বন্ধু-বান্ধবদেরকে ডেট করতে যেতে দেখে তিনি ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হতেন; মন খারাপ হয়ে যেত।তখনই সিদ্ধান্ত নেন, তার মতো একাকিত্বে ভোগা নারীদের সঙ্গী হবেন।
প্রায় ৫ বছর আগে শাকুল নারীদের এই ডেটিং পরিষেবা দেওয়া শুরু করেন। এই সময়ে তিনি ৫০ জনের বেশি নারীর সঙ্গে ডেট করেছেন এবং তাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। এজন্য তিনি কোনও অর্থ নেন না। তিনি বলেন, ডেটে তিনি শুধু আনন্দ ও হাসি ভাগ করে নিতে চান।