এশিয়ান গেমস কাবাডি
বাংলাদেশ দল © সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর এশিয়ান গেমসে জয়ের হাসি নিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। জাপানে অনুষ্ঠিত নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরু থেকেই জমে ওঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে দারুণ লড়াই করে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও সেই ছন্দ ধরে রাখেন তুহিন-আরিফরা। দ্বিতীয়ার্ধে আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে বাংলাদেশ।
জয়ের পথে বাংলাদেশের অন্যতম বড় প্রাপ্তি ছিল দক্ষিণ কোরিয়াকে দুইবার ‘অলআউট’ করা। সাম্প্রতিক সময়ে কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের জন্য এমন সাফল্য খুব একটা দেখা যায়নি। পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৬টি বোনাস পয়েন্টও আদায় করে নেন বাংলাদেশের খেলোয়াড়রা।
এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডি দলের ইতিহাসও সমৃদ্ধ। এখন পর্যন্ত তিনবার রৌপ্যপদক জিতেছে দলটি। তবে ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর গত দুই দশকে আর কোনো পদক ঘরে তুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের সেমিফাইনালের পথকে অনেকটাই সহজ করেছে। তবে শেষ চারে জায়গা নিশ্চিত করতে পরের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আসরেও এই দলের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে।
এরপর তুলনামূলক কম শক্তিশালী জাপানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৩ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।