ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু ভারতের © সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ভারত নারী ক্রিকেট দল। শুরু থেকেই দ্রুত রান তুলছে দলটি। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯৭ রান, ২ উইকেট হারিয়ে। এর মধ্যে মাত্র ২৪ বলে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার শেফালি বর্মা।
এর আগে ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরেছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। নাহিদ আক্তারের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দেন তিনি।
মান্ধানা ফিরলেও ভারতের রান তোলার গতি কমেনি। উইকেটের অন্য প্রান্তে ঝড় তুলছেন শেফালি। ২৪ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার এখনো ভারতের ইনিংসকে এগিয়ে নিচ্ছেন।
১০ ওভারের পর গুনালান কামালিনিও ফিরে গেছেন। ১০ বলে ৩ রান করে সানজিদা আক্তারের বলে রাবেয়ার হাতে ক্যাচ দেন তিনি। বেশ কয়েকটি ডট বল খেলার পর স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কামালিনি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরুটা ভালোভাবেই করে দলটি। প্রথম দুই ওভারে কোন উইকেট না হারিয়ে ১৯ রান তোলে তারা। মারুফা আক্তারের প্রথম ওভার থেকে আসে ৬ রান। পরের ওভারে সানজিদা আক্তারের স্পিনে ১৩ রান নেয় ভারত।
ম্যাচে নামার আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়ার রেকর্ডও খুব একটা ভালো নয়। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন স্মৃতি মান্ধানা। ৪৭৬৫ রান নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে। বেটসের সংগ্রহ ৪৭৫৮ রান।