আফগানিস্তানকে হারিয়ে আইএইচএফ ট্রফিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের

১০ জুন ২০২৬, ০৯:১৮ PM
আইএএইচএফ ট্রফিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ

আইএএইচএফ ট্রফিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ © সংগৃহীত

বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। বুধবার (১০ জুন) পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অ-২০ বিভাগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৩-২২ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজেরা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন মোহাম্মদ রনি হাসান।

জয় দিয়ে শুরু করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিনও। তার ভাষ্যমতে, “আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। এর আগে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলিনি। আমরা উচ্চতায় ওদের চেয়ে যতোই খাটো হই না কেন, আত্মবিশ্বাস ছিল জিততে পারব। ভালো প্র্যাকটিস করেছি আমরা। প্রথমার্ধে আমি হালকা ইনজুরিতে পড়ি। এজন্য ভয়ে ছিলাম। খেলা যে কোনো মূহূর্তে দুয়েক মিনিটে ঘুরে যেতে পারে। এর আগেও কাজাখস্থানের সঙ্গে এভাবে হেরেছিলাম। তবে আজকের জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগবে। আমরা প্রথম ম্যাচ জিতেছি ভালোভাবে। পরের ম্যাচেও জিততে হবে। তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারব।”

এর আগে, অ-২০ বিভাগের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে ইয়েমেনকে ৫৩-৩১ গোলে হারায় ভারত। দলটির হয়ে শিবা কুমার সর্বোচ্চ ১১ গোল করেন।
 
এদিকে বৃহস্পতিবার (১১ জুন) অ-২০ বিভাগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। তবে বিকেল ৩টায় নেপাল মুখোমুখি হবে ইয়েমেনের। পরের ম্যাচে বিকেল ৫টায় মালদ্বীপের প্রতিপক্ষ আফগানিস্তান। তবে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। দুপুর ১টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। 
 
এর আগে সকালে মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৮-২১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে মালদ্বীপ। সর্বোচ্চ ৮ গোল করেছেন জয়ী দলের মোহাম্মদ আফলাহ হোসেন। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত ৪৯-২৭ গোলে হারিয়েছে নেপালকে। ভারতের পবন কুমার ও রোহিত সাক্সেনা সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন।

সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ ভাই, একজন হতে চায় প্রকৌশলী, অন্যজন…
  • ১৩ আগস্ট ২০২৬
স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬