জাতীয় মহিলা দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাবির শিক্ষার্থী নোশিন আনজুম

৩১ অক্টোবর ২০২৫, ১০:০৯ PM
নোশিন আনজুম

নোশিন আনজুম © সংগৃহীত

জাতীয় মহিলা দাবার মুকুট এবারও নোশিন আনজুমের মাথায়। টানা তৃতীয়বারের মতো তিনি জিতলেন এই খেতাব। আজ শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত একাদশ ও শেষ রাউন্ডে ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নোশিন।

মাত্র ছয় চালেই ড্রয়ের প্রস্তাব দেন নোশিন, খুশবুও তাতে রাজি হন। ১১ রাউন্ডের প্রতিযোগিতায় নোশিন জিতেছেন ৭টি ম্যাচে, ড্র ৩টি, হেরেছেন মাত্র ১টিতে—কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর কাছে। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ৮.৫ পয়েন্ট। এই জয়ে দেশের মহিলা দাবায় দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন নোশিন আনজুম।

আরও পড়ুন: টাইগারদের ‘বিড়াল’ বানিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ

১৯৭৯ সালে জাতীয় মহিলা দাবা শুরু হওয়ার পর রানী হামিদ প্রথম ছয়বার টানা চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আবারও জেতেন টানা তিনবার। এবার সেই তালিকায় নাম লেখালেন নোশিন। ২০২২ সালে তিনি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। ২০২৩ সালে প্রতিযোগিতা হয়নি। এরপর ২০২৪ ও ২০২৫—দুই বছরই তাঁর হাতে উঠল শিরোপা।

চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত নোশিন বললেন, ‘ভালো লাগছে। আশা করেছিলাম, হ্যাটট্রিকটা যেন করতে পারি। তবে আলোর কাছে হেরে হতাশ হয়েছিলাম। আম্মা সাহস দিয়েছেন। বলেছেন, আলোও পয়েন্ট হারাতে পারে। এবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আলাদা। সামনে দাবা অলিম্পিয়ার্ড আছে, জাতীয় দাবায় সেরা পাঁচে থাকার সুবাদে সেখানে খেলার সুযোগ নিশ্চিত হয়েছে। এ জন্যই সবচেয়ে ভালো লাগছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগে পড়ছেন নোশিন। পড়ার চাপের ভেতর দাবা খেলা সহজ নয়। এই জাতীয় প্রতিযোগিতার জন্য দুটি পরীক্ষা দিতে পারেননি। আগেই বিভাগের কাছে দরখাস্ত দিয়েছিলেন। জানালেন, আজ থেকেই আবার ক্লাসে ফিরবেন।

নোশিনের বর্তমান রেটিং ১৯৯৯। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও তিনি এখনো মহিলা ফিদে মাস্টার। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে হলে লাগবে তিনটি নর্ম ও ২২০০ রেটিং—নোশিনের আছে দুটি নর্ম। আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলে ২০০০ রেটিং থাকলেও আন্তর্জাতিক মাস্টার হওয়া যায়। দ্রুতই সেই স্বপ্ন পূরণ করতে চান নোশিন। আর সবচেয়ে বড় স্বপ্ন—দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬