তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

প্রায় তিন বছর হতে চললেও নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটি একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ হাতে নিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। নতুন করে তিনটি কাজ সামনে আসায় বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

যদিও এনটিআরসিএ দাবি করেছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর মাসের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে এ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষকদের বদলি, শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বৃদ্ধি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার কারণে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হতে পারে। 

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর একটি অংশ প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে। আবার আরেকটি অংশ মনে করছে, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি সংক্রান্ত পরিপত্র জারির পর বিজ্ঞপ্তি প্রকাশ করতে। এই কার্যক্রমগুলো শেষ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে বেশ সময় লেগে যেতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বেশি কিছু সমস্যা সমাধান করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। ফলে বিজ্ঞপ্তি প্রকাশ কবে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের তাগাদা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত হয়ে এখনই বলা যাচ্ছে না।’

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা ৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী অক্টোবরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

ড. মিলন বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা ৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এর আলোকে পরীক্ষাটি আয়োজনের জন্য বিদ্যমান ১০৬টি পদের সিলেবাস হালনাগাদ এবং ১৩টি নতুন পদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষা গ্রহণসংক্রান্ত পরিপত্র প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরো বলেন, সিলেবাস ও পরিপত্র অনুমোদন, অনলাইন আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদ এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর আনুমানিক অক্টোবর ২০২৬-এর মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা/৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পরীক্ষা কত বছর পরপর বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে জানানো যাচ্ছে যে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’-এর বিধি ৩-এর উপবিধি (১)-এ কর্তৃপক্ষকে প্রতি পঞ্জিকা বছরে অন্তত একবার পরীক্ষা গ্রহণের বিধান ছিল। তবে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাধ্যতামূলকভাবে পরীক্ষা আয়োজনের কোনো বিধান রাখা হয়নি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের সংখ্যা, শিক্ষক চাহিদা, নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি এবং প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা আয়োজন করা হবে। নতুন পদ্ধতিতে পরীক্ষাটি সুষ্ঠু ও নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬