ডা. মুরাদ হাসান © ফাইল ফটো
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আমাদের থানায় একটি অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওসি বলেন, অভিযোগটি সাইবার ক্রাইম ও রাজনৈতিক হওয়ায় আমরা এটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার বলেন, ডা. মুরাদ একটি অনলাইন শোতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি শিক্ষার্থীদের হেয় ও ছোট করার জন্য রোকেয়া ও শামসুন নাহার হলের নাম উল্লেখ করে বলেছেন, এসব হলের ছাত্রীরা নাকি হলে না থেকে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে থাকেন। তিনি আসলে এ তথ্য উপস্থাপন করে গুজব ছড়িয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ছোট করার অপপ্রয়াস করেছেন। তাই থানায় অভিযোগ করেছি।