বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস © সংগৃহীত
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট-সংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২) মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮)।
প্রধান শিক্ষক রেহানা পারভীন বলেন, গত ১৪ নভেম্বর টেস্ট করে শামীমা পারভীনের শরীরে করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ১৬ নভেম্বর স্কুলের বাকি ৭ জন শিক্ষক টেস্ট করলে তাদের মধ্যে আরও দুইজন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার পজিটিভ রিপোর্ট আসে।
এ খবর গ্রামে জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরও করোনা আক্রান্ত হওয়া দুঃখজনক।
স্কুলের শিক্ষার্থীর এক অভিভাবক জানান, শিক্ষকদের করোনা পজিটিভ খবর জানাজানি হলে সন্তানকে স্কুলে যেতে নিষেধ করি। আমরা ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে উৎকণ্ঠার মধ্য দিন পার করছি।
করোনা আক্রান্ত শিক্ষিকা শামীমা আক্তার জানান, করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসলে ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। এখন শারীরিকভাবে কিছুটা ভালো লাগছে।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সবাই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান বলেন, তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরে তারা বিদ্যালয়ে ছুটির আবেদন করেছিল। আপাতত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পর্যাপ্ত শিক্ষক থাকায় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ করা ঠিক হবে না। নির্দেশনা দেওয়া আছে যেই করোনা আক্রান্ত হোক তিনি যেন স্কুলে না আসেন। কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের। দ্রুত স্কুল খুলে দেওয়া হবে।