দুই স্কুলছাত্রীর আত্মহত্যা © প্রতীকী ছবি
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পৃথকস্থান থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকায় থেকে এই লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এতথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত দুই স্কুলছাত্রী হলেন- উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৪) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী মুক্তা (১৫)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে শারমিন আত্মহত্যা করেছে, এই বিষয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
নিহত ছাত্রীর চাচা জামাল মিয়া জানান, ‘বাড়িতে কোনও ঘটনা ঘটেনি। তবে মায়ের সাথে অভিমান করে, হয়তো সে আত্মহত্যা করতে পারে।’
অন্যদিকে একই উপজেলার বার্থা দক্ষিণপাড়া এলাকায় বিকেলে মুক্তা নামের আরও একজনকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।
নিহত ছাত্রী মুক্তার বোনজামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সাথে মুক্তার মনোমালিন্য হয়। পরে শাশুড়ি এসে মুক্তাকে বকাঝকা করে। সেই অভিমান থেকেই মুক্তা আত্মহত্যা করতে পারে।’
ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’