জাতীয় শোক দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা © সংগৃহীত
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে। এ দিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনটি যথাযথভাবে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
এদিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ সময় সেখানে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি ৩২-এর চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
১৫ আগস্টের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
১. মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ–ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর–ঝিগাতলা–সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে ঝিগাতলা–শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৩. রেইনবো এফডিসি হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৪. আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ–ধানমন্ডি ২৭–মেট্রো শপিং মল ডানে মোড় –আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়–৩২ নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।
গাড়ি পার্কিং করবেন যেসব স্থানে:
১. ৩২ নং ব্রিজের উত্তরের ১১ নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার ব্যক্তিদের) গাড়ি পার্কিং করা যাবে।
২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের গাড়ি পার্কিং করা যাবে।
৩. আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পার্কিং করা যাবে।