স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল এলাকা © সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুডস কারখানা থেকে আরও ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ জন।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারখানা থেকে এসব লাশ বের করা হয়। এর মধ্যে অধিকাংশই পোড়া লাশ। চেনার উপায় নেই। ইতোমধ্যে ৪৯টি লাশ ফায়ার সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সে করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের মধ্যে অনেকেই ১৮ বছরের নিচে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে। তারা হলেন শান্তা (১২), মুন্না (১৪), শাহানা (১৫), নাজমুল (১৫), রিপন (১৭), রহিম (১৫), তাকিয়া (১৪), ইসমাইল (১৭), শেফালী (২০), কম্পা (১৬), হিমু (১৬), আমেনা (১৭), মাহাবুব (১৫) ও তাসলিমা (১৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা অন্য তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। তখন ভবনের বিভিন্ন তলায় কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়ে। আগুনে কারখানাটির বিপুল পরিমাণ কাঁচামাল, উৎপাদিত পণ্য নষ্ট হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।
কারখানার উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।