‘আইসিইউতে একটি সিট ম্যানেজ করুন প্লিজ’

০১ এপ্রিল ২০২১, ০৪:০৭ PM
টেপ মোড়ানো হাই ফ্লো নেজাল মেশিনে চলছে নিঃশ্বাসগ্রহণ

টেপ মোড়ানো হাই ফ্লো নেজাল মেশিনে চলছে নিঃশ্বাসগ্রহণ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেহাল দশা তুলে ধরেছেন কালের কণ্ঠের স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক আতাউর রহমান কাবুল। আতাউর রহমানের বড় ভাই করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে বিএসএমএমইউতে ভর্তি আছেন। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমার ভাই আহসান হাবীব বাবুল সংকটাপন্ন! বঙ্গবন্ধু মেডিক্যালের কোভিড ইউনিটের ৬ তলায় পরপর তিনটি হাই ফ্লো নেজাল ক্যানোলা মেশিন বদল করা হলো তবুও কাজ হচ্ছে না। হাই ফ্লো ক্যানোলা চালু থাকা অবস্থায় অক্সিজেন সেচুরেশন ৯৫-৯৯% পর্যন্ত ছিল। একটি মেশিনেরও ক্যানোলা কাজ করছে না দীর্ঘক্ষণ ধরে। ট্যাপ দিয়ে বাঁধা (ছবিতে দেখুন)। অনেকগুলোতে বাতাস লিক করছে। ক্যানোলার পাইপ দিয়ে গরম বাতাস এবং গরম পানি বের হচ্ছে একটু পরপর। রোগী এটা কোনোভাবেই নাকে রাখতে পারছে না।

মেশিনের সমস্যার কারণে অক্সিজেন সেচুরেশন ৫০% এর নিচে নেমে এসেছিল। ভাইটি আমার অস্থির আচরণ করছিলো, বুকে নাকি ব্যথা হচ্ছিল, একটু পর পর পানি খাচ্ছিলো, ছটফট করছিলো। আমাদের তো কান্না কাটি অবস্থা। ওয়ার্ড বয় জানালো, মেশিনের ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছে সে নাকি আসবে আগামীকাল। খোঁজ নিয়ে দেখি একটি অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নেই ছয় তলায় ভিআইপি ব্লকে। একটা সিলিন্ডার কোথা থেকে যেন ম্যানেজ করে আনার কিছুক্ষণ পরই অক্সিজেন শেষ হয়ে গেল। ওয়ার্ড বয়কে বলাতে জানালো, আর কোনো সিলিন্ডার নেই। কি ভয়ঙ্কর অবস্থা! অথচ আমার ভাই পুরো ঝুঁকির মধ্যে, বাকি রোগীদের কি অবস্থা জানি না। এই মুহূর্তে আর দুটো রোগীর হাই ফ্লো অক্সিজেন দরকার হলে কি অবস্থা দাঁড়াবে?

তখন রাত আড়াইটার মতো বাজে। আমি বারডেমসহ বিভিন্ন জায়গা ঘুরে আসলাম কোথাও একটি ক্যানোলা কিনতে পেলাম না। ডিউটি ডাক্তার নূর মোহাম্মদ যথাসাধ্য চেষ্টা করছেন। চিকিৎসা নিয়ে কোনো কমপ্লেইন নেই।তিনি আমাকে বারবার খোঁজ নিতে বলছেন আইসিইউতে সিট আছে কিনা? নচেৎ প্রাইভেটে অন্য কোন আইসিইউ ম্যানেজ করতে বললেন। কিন্তু আমার কাছে এমন কোন সন্ধান সে মুহূর্তে নেই। তাছাড়া একটা বড় ঝুঁকি নিতে চাচ্ছিলাম না।

কিন্তু দেশের শীর্ষ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে একটি হাই ফ্লো নেজাল ক্যানোলা মেশিন ঠিক নেই, একটি ক্যানোলা নেই, ক্যানোলা দিয়ে বাতাস লিক করে, সেই লিক আটকাতে আবার টেপ দিয়ে মোড়ানো- এটা অবাক করার মতো বিষয়! তাহলে কি সরকার এখানে কোন টাকা পয়সা বিনিয়োগ করছে না?

ওয়ার্ড বয় জাকিরের কারণে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের জীবন সংকটাপন্ন হয়ে যাচ্ছিলো। তিনি চিকিৎসক, নার্সের উপস্থিতি ছাড়াই একটি মেশিন খুলে আরেকটি লাগাতে গিয়ে অক্সিজেন মারাত্মক ফল করতেছিল। তিনি যে মেশিনেই হাত দেন সেটাই বন্ধ হয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তার কর্মকাণ্ড দেখে অবাক। আমাকে বললেন, আর একটু সময় গেলেই আপনার রোগী মারা যেত। তিন/চার ঘণ্টা থেকে লড়াই চলছে কিন্তু একটা সিস্টারেরও দেখা নেই।

ভিসি শারফুদ্দিন স্যারকে অনেকবার ফোন দিলাম তিনি ফোন ধরছেন না। আইসিইউর দায়িত্বে থাকা প্রফেসর আখতারুজ্জামান স্যারকে রিকুয়েস্ট করলাম সেখানেও সিট নেই বলতেছেন। এখানকার রোগী যদি এখানকার আইসিইউতে সিট না পায় তাহলে কি উপায়? ইতিমধ্যে দুজন রোগী অন্যত্র চলে গেছেন বলে জানলাম। আমার এখন কি করনীয় বুঝতেছি না। রোগের কারণে নাকি সিস্টেমের কারণে আমার ভাইকে হারাবো? কোনো বেসরকারি হাসপাতালে কেন গেলাম না আমার ভাই সেটা জিজ্ঞেস করছে এই অস্থির অবস্থার মধ্যেও। সংশ্লিষ্টদের বলছি, দ্রুত আইসিইউতে একটি সিট ম্যানেজ করুন প্লিজ।

দেশের শীর্ষ মেডিক্যালে মেশিন ঠিক নেই, একটি ক্যানোলা নেই, অক্সিজেনের পাইপ লিক করা, ক্যানালো ট্যাপ দিয়ে মোড়া এবং বাতাস লিক করে এটা অবাক করা বিষয়।

গত রাত্রের বিভীষিকাময় পরিস্থিতির ঘটনা সত্য কিনা তা সংশ্লিষ্টদের তদন্ত করে দেখার অনুরোধ করছি।

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬