সংঘর্ষের সময় আগুন ধরিয়ে দেয় ছাত্রদল নেতাকর্মীরা © সংগৃহীত
হবিগঞ্জে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রদল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সারা দেশে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিল ছাত্রদল। এ সময় পুলিশ এসে তাদের কর্মসূচিতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে হবিগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মাসুক জানান, কর্মসূচিতে উশৃঙ্খল আচরণ করায় তাদের বাধা দেয়া হয়েছে। এ সময় তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। আমাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের ভয়ে আহতরা হাসপাতালেও যেতে পারছেন না।