প্রতীকী ছবি © ফাইল ফটো
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারে জড়িত বাংলাদেশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী যারাই এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ প্রস্তাব করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনায় কমিটির সদস্যরা বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।