আওয়ামী লীগের মেয়ার প্রার্থী এনামুল হক © সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ১৬ জানুয়ারির নির্বাচনে তার পক্ষে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন ভোটারদের।
গত শনিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুরে একটি নির্বাচনী সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সবার সামনে ভোট নৌকায় মেরে নেবেন, কোনো ভয় নাই। ভয়ের কিছু নাই।
ওই বক্তব্যের ভিডিও স্থানীয়দের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ভিডিও ফাঁস হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এনামুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল ইসলাম।
ভিডিওতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হককে নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনি যদি ওপেন ভোট দেন, তা হলে তো কেউ নিষেধ করতে পারবে না। আপনাদের মধ্যে যাতে দূরত্ব না বাড়ে। ভোট আপনিও দিতে চেয়েছেন আরেকজনও দিতে চেয়েছে। এখন আরেকজন যদি ভেতরে ঢুকে ভোট দেয়, তা হলে মনে সন্দেহ দেখা দেবে। মনে হবে ও হয়তো নৌকায় ভোট দেয়নি। তাই আপনারা সব ওপেন করে দেন। তা হলে আর একে অপরের প্রতি সন্দেহ থাকবে না। আপনারা কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট ভেতরে গিয়ে দেবেন আর মেয়র ভোট সরাসরি সামনে দেবেন।'
মেয়র প্রার্থী এনামুল হকের সঙ্গে কথা বলতে তাঁর মোবাইল ফোনে কল করা হলে তাতে তিনি সাড়া দেননি।
রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়র প্রার্থী এনামুল হককে ডেকে এনে সতর্ক করা হয়েছে। তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের পরও কেন ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাব দেননি এই রিটার্নিং কর্মকর্তা।