দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর পর গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জন কভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮২ জন।
বর্তমানে গড়ে প্রতিদিনই ৩৫-৪৫ জনের মৃত্যু হলেও এখনো ৪ জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে কেউ মারা যাননি। জেলাগুলো হলো- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম ও সাতক্ষীরা। শুধু মৃত্যু নয়, এই জেলাগুলোতে সুস্থতার হারও অন্যান্য জেলার তুলনায় বেশি।
স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, জয়পুরহাটে মঙ্গলবার পর্যন্ত ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬২ জন সুস্থ হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদের মধ্যে ৫৭ জনই সুস্থ হয়েছেন। কুড়িগ্রাগে এখন পর্যন্ত ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছেন। আর সাতক্ষীরায় আক্রান্ত ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।
কঠোরভাবে লকডাউন কার্যকর করা, বাইরের জেলা থেকে আসা মানুষকে দ্রুত শনাক্ত করে কোয়ারেন্টিন নিশ্চিত করা ও আক্রান্ত রোগীদের ভালোভাবে যত্ন নেয়ার ফলে এই জেলাগুলোতে মৃত্যু নেই বলে জানিয়েছেন জেলাগুলোর সিভিল সার্জনরা।স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ সব সম্ভব হয়েছে বলেও জানান জেলাগুলোর সিভিল সার্জনরা।