করোনাভাইরাসের বিস্তার রোধে গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জন্য এই জেলা থেকে কেউ বের হতে পারবে না কিংবা জেলায় কেউ প্রবেশ করতে পারবে না।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত গাজীপুর জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুরের জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ গাজীপুর জেলায় প্রবেশ করতে পারবে না। এ জেলা থেকে কেউ অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ শনিবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।