সময়টা ৮ নভেম্বর, ২০১৫। এমিরেটসের বিমানে বসে পৃথিবীর সবচেয়ে সুখকর ও আনন্দের খবরটি পেয়েছিলেন সাকিব আল হাসান। হয়েছিলেন মেয়ের বাবা। সেই খবরটা হাজারো কিলোমিটার উপরে বসে পেলেও সেখানে শূণ্যে লাফিয়ে উঠার উপক্রম! কি আর করা প্রথম বাবা হয়েছেন বলে কথা।
এরপর বেশ কয়েক বছর কেটে গেলে বারবারই মেয়ের নানা গল্প নিয়ে আলোচনায় এসেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার সেটাতেই যেন আরেকটু রসদ দিলেন সাকিব।
ফেসবুকে লিখলেন তাকে নিয়ে লেখা মেয়ের গল্প। ওই গল্পে মেয়ে আলাইনা হাসান অব্রি ইংরেজিতে বাবার সাহায্য নিয়ে লিখেছেন। আলাইনার ভাষায়, ‘আমি পানিতে সাতার কাটছিলাম। আমি খুবই মজায় আছি। কিন্তু যখন পানির গভীরে চলে গেলাম, তখন খুবই ভীত হয়ে পড়েছিলাম। আমি নিচে চলে গিয়েছিলাম এবং আরো গভীরে। আমি যখন একেবারেই ভীত-সন্ত্রস্ত অনুভব করছিলাম; তখন বাবাই আমাদের সাহায্য করেছিলেন। এজন্যই আমি তাকে (বাবা সাকিব আল হাসান) ভালবাসি। আমি খুবই খুশি।’
এর আগে ৮ নভেম্বর মেয়ের চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে আলায়নার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছিলেন, ‘আমার জীবনকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমার জীবনের সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।’