বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের

১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ PM
আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন © সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বর ও কনেপক্ষের অন্তত ৫০ অতিথি। তাঁদের মধ্যে কিরণ মিয়া (৫০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। অসুস্থদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের অতিথিরা খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে।

পরে স্বজন ও স্থানীয় লোকজন অসুস্থদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেলা সদর ও ভাগলপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অনেকে নিজ উদ্যোগে বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন।

নিহত কিরণ মিয়া পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, তাঁর বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অনেকেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর একে একে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁর ধারণা, অসুস্থ মানুষের সংখ্যা ৬০ জনের বেশি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে বিভিন্ন হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যা সংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950