মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির নিয়ে বিবৃতি দিল এনসিপি

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ PM
মাহমুদুর রহমান ও এনসিপি লোগো

মাহমুদুর রহমান ও এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ নেতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে। এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এনসিপি।

বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দপ্তর সম্পাদক  সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০, ৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলার রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে। জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও সাংবাদিক মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান কীভাবে রয়ে গেছে তা প্রশ্নের জন্ম দেয়।

অবিলম্বে ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক কীভাবে দেশবরেণ্য সাংবাদিক ও সম্পাদক মাহমুদুর রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এর নেপথ্যে সংশ্লিষ্ট কারা রয়েছে তার তদন্তপূর্বক স্পষ্ট জবাব জাতির সামনে প্রকাশের দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন
  • ২৬ নভেম্বর ২০২৬
মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির নিয়ে বিবৃতি দিল এনসিপি
  • ২৬ নভেম্বর ২০২৬
‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শাম…
  • ২৬ নভেম্বর ২০২৬
নিয়োগে অনিয়ম হলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর…
  • ২৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়
  • ২৬ নভেম্বর ২০২৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
  • ২৬ নভেম্বর ২০২৬