শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তিনি আশা প্রকাশ করেন, নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে শিক্ষক সংকটের কারণে ব্যাহত পাঠদান স্বাভাবিক হবে।
শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি শিক্ষক পদের মধ্যে ১১ হাজার ৯৮৪টি পূরণ হয়েছে। বর্তমানে শূন্য রয়েছে ১৪ হাজার ৬৯৭টি পদ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ২ লাখ ৫০ হাজার ৩০৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন। ফলে এসব প্রতিষ্ঠানে ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষক পদ শূন্য রয়েছে।
শিক্ষক সংকট নিরসনে সরকারি নিয়োগ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শূন্য পদ পূরণে অগ্রগতি হবে বলে তিনি উল্লেখ করেন।