সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ফটো

দেশে পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন, দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার মাধ্যমে প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি আরও বলেন, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছিলেন। কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থান করেনি।

উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল রয়েছে, তাদের সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।

তারেক রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, আজ আবার সেই আওয়াজ তুলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এটাই হোক আজকের অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব। আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব। আমাদের সংসদ, এই স্বাধীন-সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

তিনি বলেন, যাদের হাতে গোলামির জিঞ্জির, যারা গোলাম, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতন্ত্রকামী জনগণ ভেঙে দেবে।

নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম…
  • ১৮ নভেম্বর ২০২৬
এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি!
  • ১৮ নভেম্বর ২০২৬
ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর, ভাঙচুর…
  • ১৮ নভেম্বর ২০২৬
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
চীনা বিজ্ঞানীদের যুগান্তকরী আবিষ্কারে টাক মাথায় গজাবে চুল, …
  • ১৮ নভেম্বর ২০২৬