জামায়াত আমির ও শিক্ষামন্ত্রী © টিডিসি সম্পাদিত
রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান কমে গেছে এবং প্রতিষ্ঠানটি ব্যবসার পণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় শিক্ষামন্ত্রীর প্রতিও মৃদু অভিযোগও এনেছেন তিনি।
জামায়াত আমির বলেন, একসময় মণিপুর উচ্চবিদ্যালয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। সারা বাংলাদেশের মধ্যে পাঁচবার প্রথম হয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এখন সেই বিদ্যালয়ের কোনো কোয়ালিটি নেই। ফ্যাসিবাদের আমলে এটি ব্যবসার পণ্যে রূপান্তরিত হয়েছে এবং এখনো একই ধারা অব্যাহত রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বাড়ি আছে ওই এলাকায়, এই ১৫ আসনের মধ্যে। আমি উনাকে অনুরোধ করেছিলাম, আসেন, আমরা দুজন মিলে এমন কিছু মানুষকে এখানে বসাই, যারা আমাদের সন্তানগুলোকে মানুষ বানিয়ে দেবে। অভিভাবকত্বের এই দায়িত্ব তারা কমিটিতে বসে আদায় করবে। কারও মুখের দিকে তাকাবে না, কোয়ালিটির দিকে তাকাবে। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি ব্যর্থ হয়েছি। এখন আমি বিরোধীদলীয় নেতা। আমার আসনের যদি এই চিত্র হয়, তাহলে বাকিগুলোর আর কী অবস্থা?’
শিক্ষা খাতে বাজেট বরাদ্দের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার জন্য এবার বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এর সুফল জাতি কীভাবে পাবে? যদি গোড়াতেই গলদ থাকে, শেকড় যদি ঠিক না থাকে, তাহলে তো হবে না।