চকরিয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, পাচার চক্রের সদস্য আটক

উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রী

উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রী © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউস এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার প্রবাসী শাহ আলমের মেয়ে জান্নাতুল নাঈম (১৩) গত ২৮ এপ্রিল মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ২৯ এপ্রিল তার ভাই শিহাব চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা তানজিমা তাবাচ্ছুম শিমা (২৫)-কে পর্যটন এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য গোপন করার চেষ্টা করলেও পরবর্তীতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযান চলাকালে বাসা থেকে আরও দুই রাখাইন নারী পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটক তানজিমা পরিকল্পিতভাবে ওই ছাত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে কক্সবাজারে নিয়ে এসে আটকে রাখে। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ নারী পাচার চক্র এই ঘটনার পেছনে সক্রিয় রয়েছে, যারা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করে অপহরণ ও শোষণের কাজে লিপ্ত।

এই ঘটনায় চকরিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৪)। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
  • ১৮ আগস্ট ২০২৬