© ফাইল ফটো
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাবনার অতিরিক্ত দায়রা জজ রোস্তম আলী বুধবার এই রায়ে আরও ১৩ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। ২৫ বছর আগে বিএনপি সরকারের সময় এ হামলার ঘটনা ঘটে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুও রয়েছেন। মামলার ৫২ জন আসামির মধ্যে পাঁচজন বিচার চলার মধ্যেই বিভিন্ন সময়ে মারা গেছেন।
রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করছেন পিপি আক্তারুজ্জামান মুক্তা। অন্যদিকে আইনজীবি নুরুল ইসলাম গ্যাদাসহ কয়েকজন আসামিদের পক্ষে শুনানি করেন।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ট্রেনমার্চ করার সময় পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনের বগি লক্ষ্য করে গুলি করা হয়। তবে ওই ঘটনায় প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
হামলার ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৩৫ জনকে আসামি করে মামলা করলেও বিএনপির আমলে তদন্ত এগোয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তদন্ত গতি পায়। তদন্ত শেষে পুলিশ মোকলেছুর রহমান বাবলু, জাকারিয়া পিন্টুসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।