নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। ওইদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষসমর্থন শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।

এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ না বলার আহ্বান সামান্তা শারমিনের

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। পরে ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
 
২০২৩ সালে ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এ মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আরও পড়ুন: শ্রেণিকক্ষ নির্মাণসামগ্রী ও শ্রমিকের দখলে, মাদ্রাসা ছাড়ছে শিক্ষার্থীরা

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬