বিদ্যালয়ের সামনে গাড়ি চাপায় ছাত্রের মৃত্যু, বাসে আগুন বিক্ষুব্ধ ছাত্র–জনতার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
শিক্ষার্থীর মৃত্যুর পর বাসে আগুন ধরিয়ে দেয় এলাকার বাসিন্দারা

শিক্ষার্থীর মৃত্যুর পর বাসে আগুন ধরিয়ে দেয় এলাকার বাসিন্দারা © সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্কুলছাত্রের মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার সাইফুলকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় বাসটি মথি ত্রিপুরাকে চাপা দেয়।

নিহত স্কুলছাত্র মথি ত্রিপুরা ২নং সদর ইউনিয়নের আনন্দ পাড়ার স্থানীয় বাসিন্দা রুদ্রিয়া ত্রিপুরা ছেলে।

স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, দুপুর ১২টায় প্রথম শিফটের ছুটি হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। ঠিক সেই সময়ে একটি যাত্রীবাহী বাস বান্দরবানের দিকে যাওয়ার জন্য মোড় ঘোরাচ্ছিল। বাসটি তখন প্রচণ্ড গতিতে ওই রাস্তায় থাকা শিক্ষার্থী মথি ত্রিপুরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে। এতে বাস ও দেয়ালের মাঝখানে চাপা পড়ে সে। বাসের ধাক্কায় মাথায় ও বুকে প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পাপিয়া দাশ বলেন, ‘বাস দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা জানান, নিহত মথি ত্রিপুরার বাড়ি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আনন্দপাড়ায়। সে একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত।

মংমং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বেথেলপাড়া এলাকায় বাসস্ট্যান্ডের অবস্থান। কিন্তু যাত্রীবাহী বাসগুলো বিদ্যালয়ের সামনে পার্কিং করে যাত্রী ওঠানামা করে। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকির কথা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close