উচ্চমাত্রার খাদ্যসংকটে দেশের ২ কোটি ৩৬ লাখ মানুষ

০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
উচ্চমাত্রার খাদ্যসংকটে ভুগছেন দেশের ২ কোটি ৩৬ লাখ মানুষ

উচ্চমাত্রার খাদ্যসংকটে ভুগছেন দেশের ২ কোটি ৩৬ লাখ মানুষ © সংগৃহীত

দেশের ২ কোটি ৩৬ লাখ বা ২৬ শতাংশ মানুষ উচ্চমাত্রার খাদ্যসংকটে ভুগছেন। আগামী ডিসেম্বর পর্যন্ত এমন সংকটে থাকতে পারেন বলে জানা গেছে। এদের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাও রয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতিসংঘসহ বাংলাদেশে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত ‘সমন্বিত খাদ্যনিরাপত্তার পর্যায় চিহ্নিতকরণ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের পাশাপাশি বাংলাদেশে দুই বছর ধরে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদনে দেশের খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের ভৌগোলিক অবস্থানও চিহ্নিত করা হয়েছে। এসব মানুষের বেশির ভাগ বাস করেন চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে। দেশের ৪০টি এলাকায় খাদ্য পরিস্থিতি নিয়ে জরিপ চালিয়ে দেখা যায়, ৩৩টি এলাকার মানুষ সংকটজনক অবস্থায় রয়েছেন।

জরিপে দেখা গেছে, ১৬ লাখ ৪৭ হাজার মানুষের জরুরি খাদ্যসহায়তা দরকার। খাদ্য নিয়ে সংকটময় অবস্থায় আছেন ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার মানুষ। আর ৩ কোটি ৩৪ লাখ ১১ হাজার মানুষ চাপে আছেন। শুধু ৩ কোটি ৩৯ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত এপ্রিলে একই জরিপে দেশের ৩৩টি অঞ্চলের মধ্যে ২০টি খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত মে মাস থেকে বাংলাদেশে বেশ কয়েকটি মারাত্মক দুর্যোগ আঘাত হানে। তীব্র তাপপ্রবাহ থেকে শুরু করে মে মাসে ঘূর্ণিঝড় রেমাল, জুনে হাওরে আকস্মিক বন্যা, জুলাইয়ে যমুনা তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও আগস্টে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এসব দুর্যোগে দেশের প্রায় অর্ধেক মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের বড় অংশই কৃষিজীবী। এঁদের আবার এক–চতুর্থাংশ কৃষিমজুর। দুর্যোগ ও তাপপ্রবাহের কারণে তাঁরা ঠিকমতো কাজ পাননি। কাজ পেলেও মজুরি পেয়েছেন কম। এই জনগোষ্ঠীর বড় অংশ শুধু কৃষি মজুরি দিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের দৈনিক আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ খাদ্যের পেছনে ব্যয় হয়। ফলে চালের দাম বেড়ে যাওয়ায় তাদের খাদ্য গ্রহণ কমাতে হচ্ছে। ২০২৪ সালের শুরুতে দেশের মানুষের আয় কমে গেছে এবং ব্যয় বেড়ে গেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও সংঘাতের কারণে ওই সমস্যা বৃদ্ধি পেয়েছে। 

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬