ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল সংসদের

১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ PM
 শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম

শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশকে পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ বিবৃতি জানিয়েছে হল সংসদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

শনিবার (১০ অক্টোবর) হল সংসদের ভিপি-এজিএসসহ বাকি সদস্য সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও জিয়া হলের কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটনার ভুক্তভোগী হল সংসদের নির্বাচিত জিএস আরিফুল ইসলামের ছাত্রত্ব বাতিলের সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্টতা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে ফেসবুকে পোস্টদাতা ও হামলাকারীদের একই শাস্তির আওতায় আনা হয়েছে। পোস্ট দেওয়ার কারণে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রত্ব বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ন্যায়বিচারের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে।

হল সংসদ জানায়, তারা সবার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ কিংবা অশালীন ভাষার ব্যবহার সমর্থনযোগ্য নয়। কিন্তু কোনো ব্যক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের মতো সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, বাকস্বাধীনতা ও যৌক্তিক সমালোচনার ক্ষেত্র। সমালোচনাকে অজুহাত বানিয়ে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন করা এসব মৌলিক চেতনার পরিপন্থী।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে আরিফুল ইসলামের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহার করে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা ও জিয়া হলের কক্ষে ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীর জীবন বিপন্ন করে প্রশাসনের এমন কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। কোনো চাপ, পক্ষপাত কিংবা প্রহসনের কাছে ন্যায়বিচারকে বিসর্জন না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে হল সংসদ।

এ বিষয়ে জিয়াউর রহমান হল সংসদের ভিপি বলেন, আরিফুল ইসলামের একটি ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি ওই দিনের কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন না; বরং তার কক্ষে ভাঙচুর করা হয়েছে এবং তাকে মারধরের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি নিজেই ভুক্তভোগী। অথচ প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত না করে তাকেও শাস্তির আওতায় আনা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থি।

আমাদের দাবি, আরিফুলের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের সনদ বাতিল করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কক্ষ ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬