পাহাড় ধসে প্রাণ গেল ঘুমন্ত দম্পতির, স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা

২২ জুন ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
মো. আনোয়ার হোসেন

মো. আনোয়ার হোসেন © সংগৃহীত

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মাইমুনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি পড়ে। স্বামী-স্ত্রী দুজনই মাটিচাপা পড়ে মারা যান।

হেলাল উদ্দিন বলেন, ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকারে স্থানীয়রা গিয়ে মাটিচাপা অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রয়েছে।

আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, রাতে যখন ভারি বৃষ্টিপাত হচ্ছিল, তখন তাদের আমার বাড়ি চলে আসার জন্য অনুরোধ করেছিলাম। সমস্যা হবে না বলে ঘুমিয়ে পড়ে আনোয়ার। আমি কি জানতাম, তার এই ঘুম জীবনের শেষ ঘুম হবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বর্ষার এই মৌসুমে কক্সবাজার পাহাড় ধস নতুন কিছু নয়। এর আগে, গত বুধবার (১৯ জুন) ভোরেও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক চারটি স্থানে পাহাড় ধসে ৯ জন প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকাগুলোতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

 
সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬